অফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহভাবে ছড়িয়ে
পড়েছে কলেরা। জাতিসংঘের জরুরি শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ) গতকাল শুক্রবার (১৮ আগস্ট)
এক বিবৃতিতে জানিয়েছে, গত সাত মাসে অন্তত ৩১ হাজার ৩৪২ জন কলেরায় আক্রান্ত হয়েছে। মারা
গেছেন ২৩০ জন, যাদের বেশির ভাগই শিশু। খবর আনাদোলু।
সংস্থাটি জানিয়েছে কলেরায় সবচে বেশি
ক্ষতিগ্রস্ত হয়েছে কঙ্গোর প্রদেশ উত্তর কিভু। সেখানে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪০০
এর বেশি। যার মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশু আট হাজারেরও বেশি।
কলেরার এমন ধ্বংসাত্মক প্রাদুর্ভাব
নিয়ে সতর্ক করে দিয়েছেন ইউনিসেফের ডিআরসি সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর শামেজ আব্দুল্লাহ।
তিনি বলেন, কলেরার প্রভাব বাস্তুচ্যুত জনপদগুলোতে সবচেয়ে বেশি এবং শিশুরাই বেশি আক্রান্ত
হচ্ছে।
ইউনিসেফ আগামী পাঁচ মাসের জন্য কলেরা
প্রতিরোধে ব্যয় নির্ধারণ করেছে প্রায় ৬ কোটি ২৫ লাখ ডলার। এর মধ্যে ১০ লাখ শিশুসহ মোট
১৮ লাখ মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ও পয়নিষ্কাশনের মতো সমস্যার সমাধান নিশ্চিত
করবে।
এর আগে ২০১৭ সালে রাজধানী কিনশাসাসহ
পুরো কঙ্গো জুড়ে কলেরার প্রাদুর্ভাবে এক হাজার ১০০ জনেরও বেশি মানুষ মারা যায়। আক্রান্ত
হয়েছিল ৫৫ হাজারের বেশি।










