দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এবার এমপক্স ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগ আজ সোমবার (১৯ আগস্ট) জানিয়েছে, দেশটিতে এমপক্স ভাইরাসের নতুন একজন রোগী শনাক্ত হয়েছে। গত বছরের ডিসেম্বরের পর এটিই এমপক্স শনাক্তের প্রথম ঘটনা। খবর রয়টার্স।
আক্রান্ত ব্যক্তি ৩৩ বছর বয়সী একজন ফিলিপিনো পুরুষ এবং তিনি দেশের বাইরে ভ্রমণ করেননি। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র অ্যালবার্ট ডোমিঙ্গো ভ্যারিয়েন্ট সম্পর্কে বলেন, আমরা সিকোয়েন্সিং ফলাফলের অপেক্ষায় আছি।
ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, লক্ষণগুলো এক সপ্তাহেরও বেশি সময় আগে শুরু হয়েছিল। প্রথমে ছিল জ্বর। এর চার দিন পর মুখ, পিঠ, ঘাড়, কোমর, তালু ও পায়ের তলায় ফুসকুড়ি দেখা দেয়।
মূলত কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। মাঙ্কিপক্স ভাইরাসজনিত এ সংক্রমণ কঙ্গোর পর মধ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়েছে। মাঙ্কিপক্স হিসেবে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব চলাকালে কঙ্গোয় অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়।
আফ্রিকার পর গত পরশু (১৫ আগস্ট) ইউরোপে শনাক্ত হয় এমপক্স। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এ খবর দিয়েছিল। আর সেটা ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করার কয়েক ঘণ্টা পর।
আফ্রিকা ও ইউরোপের পর গত শুক্রবার (১৬ আগস্ট) পাকিস্তানে এমপক্স ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া অন্তত একজন সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে ফিরেছেন।










