রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইউক্রেনকে সবুজ সংকেত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক শেষে তেমন আভাসই পাওয়া গেছে। ইউক্রেনকে দূরপাল্লার স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহারের অনুমতি দিতে বাইডেনকে রাজি করানোর চেষ্টা হয়েছে কিনা, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন স্টারমার। তিনি বলেছেন, ‘একাধিক বিষয়ে আমাদের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের কাছে রুশ ভূখণ্ডে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলার অনুরোধ জানিয়ে আসছেন। তিনি বিশ্বাস করেন, কেবল এভাবেই যুদ্ধের সমাপ্তি টানা সম্ভব। খবর ও ছবি রয়টার্স