আবারো ভারতের শীর্ষ ধনী ব্যক্তির স্থান দখল করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ দ্বিতীয় অবস্থানে রয়েছেন আগের বছরের শীর্ষ ধনী গৌতম আদানি। দ্য হিন্দু।

প্রতিবেদন অনুসারে, আম্বানির সম্পদ ৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ লাখ ৫৫ হাজার কোটি রুপি, যা আদানির ৮ লাখ ১৪ হাজার কোটি রুপির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।

হুরুন ইন্ডিয়ার গত বছর তালিকায় আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী হিসেবে স্বীকৃতি পান আদানি। ২০২৩ সালের শুরুতে শর্টসেলার হিন্ডেনবার্গ কারসাজির তথ্য ফাঁস হলে শেয়ারবাজারে ব্যাপক ধসের মুখে পড়ে আদানি গ্রুপ। তবে শেয়ারদর পুনরুদ্ধারের ফলে গ্রুপটির সম্পদ ৯৫ শতাংশ বেড়ে ১১ লাখ ৬ হাজার কোটি রুপিতে পৌঁছায়।

এবারের তালিকায় প্রথমবারের মতো শীর্ষ তিন ভারতীয় ধনীর একজন হলেন কোনো নারী। এ স্থান দখল করে নেয়া এইচসিএলের রোশনি নাদার মালহোত্রার সম্পদের পরিমাণ ২ লাখ ৮৪ হাজার কোটি রুপি।

হুরুনের তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে সিরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা ও তার পরিবার এবং আদিত্য বিড়লা গ্রুপের কুমার মঙ্গলম বিড়লা। তাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ২ লাখ ৪৬ হাজার কোটি ও ২ লাখ ৩২ হাজার কোটি রুপি।

শীর্ষ পাঁচ ধনীর মধ্যে বিড়লার সম্পদ কমেছে সবচেয়ে কম, মাত্র ১ শতাংশ। এ তালিকায় অন্তর্ভুক্ত ধনীদের সম্মিলিত সম্পদ দাঁড়িয়েছে ১৬৭ লাখ কোটি রুপি, যা ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেকের সমান।

এবারের তালিকায় অন্তর্ভুক্ত ১ হাজার ৬৮৭ জনের সম্পদ হাজার কোটি রুপি ছাড়িয়েছে, যা গতবারের তুলনায় ২৮৪ জন বেশি। এ ছাড়া নতুন করে যুক্ত হয়েছেন ১৪৮ জন।

হুরুন জানিয়েছে, গত দুই বছর ধরে প্রতি সপ্তাহেই ভারত থেকে নতুন এক জন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। তালিকায় অন্তর্ভুক্ত ধনীরা প্রতিদিন গড়ে ১ হাজার ৯৯১ কোটি সম্পদ অর্জন করেছেন।