স্কটল্যান্ডের একদল বিক্ষুব্ধ শিখের
বাধায় গুরুদুয়ারায় প্রবেশ করতে পারেননি যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ড
নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক বিরোধের মধ্যে এ ঘটনা ঘটল।
সংবাদমাধ্যমে খালিস্তানপন্থী এক শিখ
কর্মী জানান, আলবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদুয়ারা কমিটির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন দোরাইস্বামীর-
এমন খবর পেয়ে সেখানে কয়েকজন কর্মী জড়ো হন। তারা দোরাইস্বামীকে ভেতরে প্রবেশ করতে মানা
করেন। তখন তিনি চলে যান।
ওই সময় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়ে
বলে জানান সেই শিখ কর্মী।
আরো বলেন, ‘আমি মনে করি না, সেখানে
যা ঘটেছে তাতে গুরুদুয়ারা কমিটি খুশি। কিন্তু ভারতীয় কর্মকর্তাদের যুক্তরাজ্যের কোনো
গুরুদুয়ারায় স্বাগত জানানো হয় না।’
‘যুক্তরাজ্য-ভারত যোগসাজশে আমরা বিরক্ত’
উল্লেখ করে তিনি বলেন, হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডের পর সাম্প্রতিক উত্তেজনা ব্রিটিশ
শিখদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
ওই ঘটনার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট
করেছে তরুণদের সংগঠন শিখ ইয়ুথ ইউকে। সেখানে হাইকমিশনারের জন্য পরিবেশনায় প্রস্তুত টেবিল দেখা যায়।
আরেক ভিডিওতে দেখা যায়, আয়োজক কমিটির সঙ্গে এক কর্মী তর্ক করছেন। আয়োজকরা তার মোবাইল
নিতে গিয়ে ব্যর্থ হয়।
ভিডিওতে দেখা যায়, হাইকমিশনারের গাড়ির
দরজা খোলার চেষ্টা করা হয়। কিন্তু এটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে গাড়িটি মুখ ঘুরিয়ে চলে
যায়।
ওই স্থানে উপস্থিত এক কর্মী মনে করেন,
ভারত সরকারের পক্ষ থেকে যেকোনো অজুহাতে গুরুদুয়ারায় আসা সরকারি ব্যক্তিদের এভাবেই অভ্যর্থনা
জানানো উচিত।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
প্রকাশ্য অভিযোগ ও নিন্দার প্রসঙ্গে তুলে জানান, এ পরিস্থিতিতে ভারতীয় কর্মকর্তাদের
আমন্ত্রণ আমাদের প্রতি গুরুদুয়ারা কমিটির চড়ের সামিল।










