থাইল্যান্ডের ক্ষমতাসীন জোট ফেউ থাই পার্টি দেশটির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে সাবেক ধনকুবের প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে নিয়েছে। রাজনীতিতে নবাগত ৩৭ বছর বয়সী পেতংতার্নকে গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) মনোনয়ন দেয় থাই ফেউ পার্টি। খবর রয়টার্স।

আজ শুক্রবার (১৬ আগস্ট) থাই পার্লামেন্টে বিশেষ ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচন হবে। পেতংতার্ন নির্বাচিত হলে তিনি হবেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং দেশটির শীর্ষপদে অধিষ্ঠিত সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য।

গত বুধবার (১৪ আগস্ট) সংবিধান লঙ্ঘনের দায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন দেশটির সাংবিধানিক আদালত। সে সঙ্গে তাঁর মন্ত্রিসভা ভেঙে দেয়ারও রায় দেন আদালত। এর পরদিনই ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে তাদের প্রার্থীর নাম ঘোষণা করল।

মনোনয়ন পাওয়ার পর জোটের এক সংবাদ সম্মেলনে পেতংতার্ন বলেন, দেশকে এগিয়ে যেতে হবে। ফেউ থাই হলো সরকার গঠনের প্রধান দল এবং তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

রয়টার্সের মতে, পেতংতার্নকে মনোনয়ন দেয়া একটি আশ্চর্যজনক পদক্ষেপ যা দেশটিতে ক্ষমতার লড়াইকে দীর্ঘায়িত এবং রাজনৈতিক অস্থিরতাকে পুনরুজ্জীবিত করতে পারে।