প্রতিবেশী ও মিত্র বেলারুশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন রাশিয়ার ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন সাবেক ন্যাটো সদস্য পোল্যান্ডকে সতর্ক করে জানান, বেলারুশকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেবে মস্কো। খবর রয়টার্স।

বেলারুশে রুশ ভাগনার ভাড়াটে সৈন্য বাহিনীর আগমনের পর পোল্যান্ডের নিরাপত্তা কমিটি সামরিক ইউনিটগুলোকে তার পূর্বাঞ্চলে স্থানান্তর করার সিদ্ধান্ত নিলে উত্তেজনা বেড়ে যায়। ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ড শুরু থেকেই ইউক্রেনের পাশে ছিল। রুশ আগ্রাসনের জবাবে দেশটিতে থাকা রাশিয়ানদের একটি স্কুলও বন্ধ করে দেয় পোল্যান্ড সরকার। যদিও পোল্যান্ড বলছে, বেলারুশের বিষয়ে কোনো প্রকার আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা নেই। রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্যদের বৈঠকে পুতিন আরো জানান, পোলিশরা সম্ভবত ন্যাটোর আওতায় কোনো একটি জোট গঠনের চেষ্টা করছে। যাতে করে তারা সরাসরি ইউক্রেনে হস্তক্ষেপ করতে পারে এবং একটি বড় অংশ কেড়ে নিতে পারে। যেহেতু তারা বিশ্বাস করে যে এটি তাদের ঐতিহাসিক অংশ।