ভারতের মধ্যপ্রদেশে সেতু থেকে রেলিং ভেঙে বাস খাদে পড়ে অন্তত ২২ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। তারা সবাই বাহনটির যাত্রী। খারগোনে এলাকায় আজ মঙ্গলবার (৯ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে স্থানীয় পুলিশ সুপার ধরমবীর সিং জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এখনো উদ্ধার তৎপরতার চলছে।

হিন্দুস্থান টাইমস জানায়, দুর্ঘটনা কবলিত বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, এখনো বাসে অনেক যাত্রী আটকা পড়েছে। তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বাসটি ইন্দোরে যাচ্ছিল। সেই সময় খারগোনের সেতু থেকে নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে বাসটি। এরপর নিচে পড়ে যায়।

বিকট আওয়াজ শুনে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে পৌঁছে যান। তারা উদ্ধারকাজ শুরু করে দেন। এরপর পুলিশ ও অন্যান্য বাহিনী আসে ঘটনাস্থলে।

এদিকে মধ্যপ্রদেশ সরকার মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা করেছে। গুরুতর আহতরা পাবে ৫০ হাজার ও সামান্য চোট পাওয়া যাত্রীরা ২৫ হাজার রুপি করে পাবেন।

আর্থিক সাহায্যের কথা ঘোষণা এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর থেকেও । মৃতদের পরিবার পাবে দুই লাখ রুপি ও আহতরা পাবে ৫০ হাজার রুপি করে।