গ্র্যাঞ্জ যুগের সংগীতে নিরভানার অবদান ইতিহাসে লেখা হয়ে গেছে। ১৯৯০-এর দশকের প্রজন্মকে বিদ্রোহের স্বাদে জারিত করা এ রক ব্যান্ড স্টাইলকেও নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, যার আবেদন এখনো ফুরোয়নি। সম্প্রতি ঘড়ির ব্র্যান্ড নিক্সনের সঙ্গে মিলে নতুন কালেকশন এনেছে নিরভানা। বিশেষ এ সংস্করণের দাম রাখা হয়েছে ৩৭৫ ডলার। হলুদ ও নীল দুই রঙের এ ঘড়ি পরতে স্টেইনলেস স্টিল বা ফ্রি-সুইং ব্যান্ড বেছে নেয়া যাবে। ঘড়ির ডিজাইনে কুর্ট কোবেইনের হাতে আঁকা নিরভানার বিখ্যাত স্মাইলি ফেস ব্যবহার করা হয়েছে, যা ডায়াল ও ক্রাউনে দেখা যায়। ঘড়ির অবয়ব চমকপ্রদ আঁকাবাঁকা নকশায় সজ্জিত। এর মজবুত স্টেইনলেস স্টিল কেস, শক্ত কাচ ও ৫০ মিটার পর্যন্ত পানিরোধী ক্ষমতা নিক্সনের টেকসই ঘড়ির প্রতিশ্রুতির সঙ্গে মানানসই। ঘড়ির সঙ্গে নিক্সন ও নিরভানার যুগলবন্দি আলাদাভাবে স্বীকৃত। সাধারণত অন্য টাইমপিস ব্র্যান্ডগুলো প্রিমিয়াম ডিজাইনের জন্য হাজার ডলার পর্যন্ত দাম নিয়ে থাকে। নিক্সন উচ্চ রেটিংপ্রাপ্ত, আকর্ষণীয় ও ডিজাইনের সূক্ষ্মতার জন্য অনন্য হলেও তুলনামূলক কম দাম রাখে, যা রক ফ্যান ও সংগ্রাহকদের কাছে প্রশংসিত। ২০২৪ সালে নিক্সন প্রথমবারের মতো নিরভানার সঙ্গে ঘড়ির একটি সিরিজ উন্মোচন করেছিল, যা দ্রুত বিক্রি হয়ে গিয়েছিল এবং এমনকি ডিজাইনের জন্য পুরস্কার পেয়েছিল। ১৯৮৭ সালে আত্মপ্রকাশ করে মার্কিন ব্যান্ড দল নিরভানা। এরপর তারা যা স্পর্শ করেছে, তা যেন স্বর্ণে পরিণত হয়েছে। ১৯৯৪ সালে ভোকাল কুর্ট কোবেইনের মৃত্যুর পর ব্যান্ডটি ভেঙে যায়। তবে এর প্রভাব রক গানের জগতে এখনো অটুট। ব্যান্ড ভেঙে গেলেও তিন সদস্য ক্রিস্ট নোভোসেলিক, ডেভ গ্রোহল ও প্যাট স্মিয়ার মাঝে মাঝে কনসার্ট বা অন্য কোনো আয়োজনে একত্র হন।
খবর: রোলিং স্টোন










