চীনে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশটির জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, জুনে চীন মোট ৪ কোটি ৯৮ লাখ ৯০ হাজার টন (দৈনিক প্রায় ১ কোটি ২১ লাখ ব্যারেল) জ্বালানি তেল আমদানি করেছে। এটি মে মাসের তুলনায় ৭ দশমিক ১ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, সৌদি আরব ও ইরান থেকে বাড়তি আমদানি এবং পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে গতি ফিরে আসা চীনের আমদানি বাড়ার পেছনে ভূমিকা রেখেছে।

ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান কেপলারের মুইউ জু নামের এক বিশ্লেষক বলেন, ‘চীনে বসন্তকালীন রক্ষণাবেক্ষণ শেষে পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো পুনরায় কার্যক্রম শুরু করেছে। এর প্রভাবে জুনে দেশটির দৈনিক জ্বালানি তেলের চাহিদা মে মাসের ১ কোটি ৪৮ লাখ ব্যারেল থেকে বেড়ে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ব্যারেলে পৌঁছেছে।’