দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলা শাসন করছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আাগামী নির্বাচন সামনে রেখে বিরোধীদের সঙ্গে সমঝোতার পর সম্প্রতি দেশটির তেল, গ্যাস ও স্বর্ণ খাতে আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সমঝোতা অনুযায়ী, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্মত হয়েছে উভয় পক্ষ। তবে মাদুরোর বিপরীতে এখনো নিজেদের প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিরোধীরা। এটি চূড়ান্ত করতে চলতি সপ্তাহে দলে প্রাথমিক ভোটাভুটির কথা ছিল। তবে সেটিও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। খবর রয়টার্স।
প্রেসিডেন্ট পদে বিরোধীদলীয় প্রার্থী হওয়ার দৌড়ে অন্যদের তুলনায় জরিপে ৪০ পয়েন্ট নিয়ে এগিয়ে আছেন মারিয়া করিনা মাচাদো। তিনি একজন প্রকৌশলী ও সাবেক আইনপ্রণেতা। তবে অন্য দুই প্রতিদ্বন্দ্বীর মতো মাদুরো সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় সমর্থন দেয়ায় তার ওপরও সরকারি বিধিনিষেধ রয়েছে। ফলে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই তার।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিসহ কিছু নির্বাচনী নিশ্চয়তা নিয়ে সরকার ও বিরোধী দলের সমঝোতায় প্রতিটি পক্ষকে অভ্যন্তরীণ নিয়ম অনুসারে প্রার্থী বাছাইয়ের সুযোগ দেয়ার কথা বলা হয়েছে। তবে বিরোধীদলীয় রাজনীতিকদের ওপর থেকে সরকারি বিধিনিষেধ প্রত্যাহার করা হয়নি।









