হংকংয়ের তাই পো এলাকার একটি বড় আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরো ৭৬ জন। আর এখনো নিখোঁজ রয়েছেন প্রায় তিনশ মানুষ। খবর বিবিসি ও রয়টার্স।

ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, কমপ্লেক্সের সাতটি ব্লকে আগুন ছড়িয়ে পড়েছিল। এরই মধ্যে সবকটি ব্লকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১ হাজার ২০০ জনেরও বেশি কর্মী ও তিন শতাধিক যান আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের আটটি ব্লক বা টাওয়ারে প্রায় ২ হাজার ফ্ল্যাটে সাড়ে ৪ হাজারেরও বেশি মানুষ থাকতেন। কমপ্লেক্সটি এমন একটি শহরে অবস্থিত, যেখানে সাশ্রয়ী মূল্যের মাঝে আবাসনের তীব্র সংকট রয়েছে।

অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা ছাড়াও বিদেশী গৃহকর্মীরাও হতাহতের হয়েছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুজন ইন্দোনেশীয় কর্মী মারা গেছেন ও দুজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ এখনো অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি। তবে ঘটনাস্থলের ছবিগুলোয় দেখা যায়, কমপ্লেক্সটির চারপাশে সংস্কার কাজের জন্য লাগানো বাঁশের মাচা এবং সবুজ রঙের জালির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। কিছু বাঁশের মাচার অংশ জ্বলন্ত অবস্থায় নিচে ভেঙে পড়ে। এ কারণে একটি নির্মাণ কোম্পানির নিরাপত্তাহীন উপকরণ ব্যবহারের বিষয়েও অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, জাল ও প্লাস্টিকসহ বিভিন্ন জায়গায় অগ্নিনিরাপত্তার নিয়মবিধি মানা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া একটি ব্লকে জানালায় ফোম দিয়ে সিল করার ঘটনাও তদন্ত করা হচ্ছে।