পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জন্য ইসলামাবাদ পুলিশ লাইন্সে আদালত বসবে বলে জানিয়েছেন তার আইনজীবী ফয়সাল চৌধুরী। তিনি জানান, ইমরান সমর্থকদের দূরে রাখতেই এ ব্যবস্থা নিয়েছে পুলিশ। এদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে দেশজুড়ে হরতালের ডাক দিয়েছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা। খবর ডন।
গণমাধ্যমটি জানায়, পুলিশ লাইন্সের ইমরানের জন্য আদালত বসবে এমন খবরে পিটিআইয়ের কর্মী-সমর্থকরা সকাল থেকেই পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়েছে। তাদের সামাল দিতে সেখানে আছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। কেবল ইসলামাবাদ নয়, ইমরানের গ্রেফতারের প্রতিবাদে পুরো পাকিস্তান জুড়ে চলছে বিক্ষোভ-সংঘাত। এ পরিস্থিতিতে পাঞ্জাবে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মোবাইল ইন্টারনেট সীমিত করার পাশাপাশি সোশাল মিডিয়া ব্যবহারের পথ আটকে দেয়া হয়েছে।
পিটিআই নেতা শাহ মাহমুদ কোরেশি তার দলের কর্মীদের ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘তারা (সরকার) আপনার নামে মিথ্যা মামলা দেয়ার ছুতো খুঁজছে, আপনাকে নির্যাতন করার অজুহাত খুঁজছে। তাদের কোনো সুযোগ দেবেন না।’
পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা ঘোষণা করেছেন, গ্রেফতার হওয়ার দুই দিন আগে ইমরান দেশব্যাপী জনসভা করার যে সিদ্ধান্ত অনুমোদন করেছিলেন তা অপরিবর্তিত থাকবে।
পাকিস্তানের গণমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, ইমরানের গ্রেফতারের কয়েক ঘণ্টা পর পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ্ মাহমুদ কুরেইশির আহ্বানে পরিস্থিতি পর্যালোচনা ও ব্যাপক প্রতিবাদ কর্মসূচি ঘোষণার উদ্দেশ্যে দলটির ‘জরুরি কমিটির’ একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারকে ‘বৈধ’ বলে রায় দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে এর বৈধতা নিয়ে আজ বুধবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন তার আইনজীবীরা।










