ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা তার পূর্বসূরি জাইর বোলসোনারোর নীতির বিপরীতে আগ্নেয়াস্ত্রের প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ নিচ্ছেন। প্রেসিডেন্ট লুলা একটি আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে একজন বেসামরিক নাগরিকের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের সংখ্যা চার থেকে কমিয়ে দুটি করা হয়েছে। তার সঙ্গে এখন থেকে অস্ত্র রাখার প্রয়োজনীয়তা প্রমাণ করার জন্য ডকুমেন্টেশন প্রয়োজন হবে। একজন ব্যক্তির কাছে প্রতি আগ্নেয়াস্ত্রের জন্য কী পরিমাণ গোলাবারুদ থাকতে পারে, তার সংখ্যাও কমানো হয়েছে এ আদেশে। খবর আল জাজিরা।
বোলসোনারোর অধীনে আগ্নেয়াস্ত্রের মালিকানা বৃদ্ধি পেয়েছিল। কারণ সে সময়ে বিধিনিষেধ শিথিল ও আগ্নেয়াস্ত্র ক্রয়কে উৎসাহিত করা হয়েছিল। তবে আগ্নেয়াস্ত্রের মালিকানা বেড়ে যাওয়া সত্ত্বেও ব্রাজিলে সহিংস অপরাধের হার বাড়েনি। একটি অপরাধ ট্র্যাকিং সংস্থার মতে, হত্যা এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে ব্রাজিলে। যদিও আগ্নেয়াস্ত্রের মালিকানা ও হত্যাকাণ্ডের হার কমার জন্য সরাসরি সম্পর্ক না ও থাকতে পারে। তবে ব্রাজিলে আগ্নেয়াস্ত্র সম্পর্কিত হত্যার সংখ্যা বৈশ্বিক গড়ের চেয়ে বেশি রয়েছে। জননিরাপত্তা নীতি, সামাজিক কর্মসূচি ও অপরাধী গ্যাংগুলোর মধ্যে বিরতি অপরাধের হার কমাতে অবদান রেখেছে।










