রাশিয়ার সদ্য বরখাস্ত হওয়া পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইৎকে মস্কোর বাইরে তার গাড়ির ভেতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। স্তারোভইৎয়ের দেহে গুলির চিহ্ন রয়েছে এবং তার গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তলটি তার নিজের বলে ধারণা করা হচ্ছে। সোমবার রুশ তদন্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্স।
সংবাদমাধ্যমটি বলছে, সোমবারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ডিক্রির মাধ্যমে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন। ডিক্রিতে এ সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এক বছরের কিছু বেশি সময় ধরে তিনি পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
এর আগে ২০২৪ সালের মে মাস পর্যন্ত রোমান স্তারোভইৎ ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তার সময়ে ওই অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হয় এবং ইউক্রেনীয় বাহিনী একপর্যায়ে বড় আকারে সীমান্ত অতিক্রম করে অভিযান চালায়।
এপ্রিল মাসে কুরস্ক অঞ্চলের বর্তমান গভর্নর আলেক্সেই স্মিরনভ সীমান্ত প্রতিরক্ষা বাবদ বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, স্তারোভইৎয়ের বরখাস্তের সঙ্গে এই দুর্নীতির তদন্তের যোগসূত্র থাকতে পারে। তবে রয়টার্স স্বতন্ত্রভাবে এই সম্পর্ক যাচাই করতে পারেনি।
তবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এক প্রশ্নে বলেন, যদি প্রেসিডেন্টের আস্থা হারানোর বিষয় থাকতো, তাহলে ডিক্রিতে তা উল্লেখ করা হতো। কিন্তু এখানে সে ধরনের কিছু লেখা নেই।










