ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৫৭ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইনস সংশ্লিষ্ট সূত্র। বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার পর এই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসি।

দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত এটিআর ৭২-৫০০ বিমানটি ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো যাচ্ছিল। ভয়েপাস এয়ারলাইনস জানিয়েছে, সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়।

দুর্ঘটনার পর ভয়েপাস এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বিমানটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, একটি বিমান উল্লম্বভাবে নিচে নেমে যাচ্ছে। আর এটি নিচে নামতে নামতে সর্পিল আকারে পাক খাচ্ছিল।

প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দুর্ঘটনার শিকারদের স্মরণে এক মিনিট নীরবতা পালনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।