চলতি বছরের সেপ্টেম্বরের শুরুতে গ্রিসে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় ডানিয়েল। যার মাশুল এখনো দিতে হচ্ছে গ্রিসকে। ওই ঝড়ে দেশটির ফলের গাছ, ভুট্টা ও তুলা গাছের প্রায় এক-পঞ্চমাংশ ধ্বংস হয়ে গেছে এবং দুই লাখের বেশি প্রাণী ও হাঁস-মুরগি মারা গেছে। খবর বিবিসি।
বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ ঝড়ের স্বল্পমেয়াদি প্রভাব গ্রিক অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০০ কোটি ইউরো পর্যন্ত হতে পারে। থেসালি দেশের অন্যতম প্রধান কৃষি অঞ্চল ও সেখানকার খাদ্য উৎপাদনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ভলোচোস গ্রামের বাসিন্দা আন্তৌলা পাপ্পার বাড়ি বন্যায় প্রায় সম্পূর্ণ ডুবে গিয়েছিল। তিনি বলেন, ‘কোনো কিছুই রক্ষা করতে পারিনি, বাড়ির ছাদ পর্যন্ত পানি ছিল। আমরা নিজেদের বাঁচাতে দৌড়ে পালাতে গিয়ে দেখলাম পানি ধাপে ধাপে বাড়ছে এবং আমরা আর্তনাদ করছিলাম, আমাদের বাড়ি ধ্বংস হয়ে গেল।’
আন্তৌলা ও তার পরিবার এখন তাঁবুতে বসবাস করছে। তার মেয়ে মারিয়া জানায়, পরিস্থিতি খুবই ভয়ংকর। তারা স্বেচ্ছাসেবকদের কাছ থেকে কিছু খাবার ও পানি পেয়েছেন, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাহায্য এখনো আসেনি। সরকারের তরফ থেকেও কোনো সহায়তা আসেনি। মেয়রের কাছ থেকেও কিছু পাননি তারা। তবে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।










