ইরান বা এর মিত্র গোষ্ঠী চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার এই সম্ভাবনা ইসরায়েল সরকারের বিবৃতিতেও উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করলেও পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে তা এখনো অস্পষ্ট।
গতকাল সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কারবি বলেন, ‘সম্ভাব্য বড় ধরনের একাধিক হামলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আর সেজন্য বিগত কয়েকদিনে ওই অঞ্চলে আমাদের বাহিনীর বিন্যাস ও সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে।’
তেহরানে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইরান ও এর মিত্র গোষ্ঠীর দৃঢ় সংকল্পের ব্যাপারে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্র রোববার (১১ আগস্ট) ঘোষণা করেছে যে, তারা মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তিচালিত মিসাইলসজ্জিত সাবমেরিন ইউএসএস জর্জিয়া মোতায়েনের নির্দেশ দিয়েছে।
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি বলেছে, গাজায় যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ক্ষেত্রে আর দেরি করা উচিত নয়। ইসরায়েলে ইরান ও এর মিত্র গোষ্ঠী হামলা চালালে উত্তেজনা আরো বাড়তে পারে। তাই হামলা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশ তিনটি ১০ মাস ধরে চলা যুদ্ধ অবসানে একটি চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের সর্বশেষ চাপের প্রতি সমর্থন জানিয়েছে।










