আফ্রিকা ও ইউরোপের পর এবার এমপক্স ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে পাকিস্তানে। দক্ষিণ এশিয়ার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার (১৬ আগস্ট) নিশ্চিত করেছে, শনাক্ত হওয়া অন্তত একজন সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে পাকিস্তানে ফিরেছেন। খবর রয়টার্স।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, শনাক্ত হওয়ার এমপক্সের ধরন সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে সিকোয়েন্সিং চলছে। এমপক্সের দু’টি ধরন আছে—  ক্লেইড ১ ও ক্লেইড ২। এর আগে ২০২২ সালে ক্লেইড ২ এর তুলনামূলক কম সংক্রমণ চলাকালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। কিন্তু এবার অনেক বেশি প্রাণঘাতী ক্লেইড ১ এর প্রাদুর্ভাব শুরু হয়েছে।

মূলত কঙ্গো থেকে প্রতিবেশী দেশগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। মাঙ্কিপক্স ভাইরাসজনিত এ সংক্রমণ কঙ্গোর পর মধ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়েছে। মাঙ্কিপক্স হিসেবে পরিচিত অত্যন্ত সংক্রামক এই রোগের প্রাথমিক প্রাদুর্ভাব চলাকালে কঙ্গোয় অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়।

আফ্রিকার পর গত পরশু (১৫ আগস্ট) ইউরোপে শনাক্ত হয় এমপক্স। সুইডেনের জনস্বাস্থ্য সংস্থা এ খবর দিয়েছিল। আর সেটা ঘটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করার কয়েক ঘণ্টা পর।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তিনজন এমপক্স রোগী শনাক্ত হওয়ার একটি খবর ছড়ালেও পরে তা প্রত্যাহার করা হয়েছে।