৬ মাস কারাবাসের পর জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দায়ের করা মদ শুল্কনীতি মামলায় তাকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও এখনই কার্যালয়ে গিয়ে নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না কেজরিওয়াল। খবর এনডিটিভি।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে একটি সংক্ষিপ্ত অধিবেশনে বিচারপতি উজ্জ্বল ভুইঞা এবং বিচারপতি সূর্যকান্ত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দুটি আবেদনের ওপর পৃথক রায় প্রদান করেন। তবে তারা একমত হন যে, মুখ্যমন্ত্রীকে মুক্তি দেয়া উচিত।
আম আদমি পার্টির নেতা কেজরিওয়াল প্রায় ছয় মাস বিনা বিচারে কারাগারে থাকার পর মুক্তি পেতে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন। তবে রায়ে বলা হয়েছে, তিনি তার অফিস বা দিল্লি সচিবালয়ে যেতে পারবেন না এবং লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সম্মতি ছাড়া কোনো নথিপত্রে স্বাক্ষর করতে পারবেন না।
দিল্লির তিহার জেলের সূত্রগুলো এনডিটিভিকে জানিয়েছে, তাকে আজকের মধ্যেই মুক্তি দেয়া হবে। কেজরিওয়ালের জামিনের খবরে তার স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেছেন, বিজেপির পরিকল্পনা ভেস্তে গেছে। তারা বিরোধী নেতাদের জেলে রেখে নিজেরা ক্ষমতায় থাকতে চায়।
এদিকে, অরবিন্দ কেজরিওয়ালের মুক্তির খবরে আনন্দিত আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব থেকে দলীয় কর্মী। দলের জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া অভিনন্দন বার্তায় বলেন, আজ আবারো মিথ্যা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াইয়ে সত্যের জয় হয়েছে।
দিল্লির শিক্ষামন্ত্রী হিসেবে সিসোদিয়ার উত্তরসূরি অতিশি বলেন, সত্যের বিরুদ্ধে লড়াই করা যায়, কিন্তু পরাজিত করা যায় না।










