রাখাইনসহ মিয়ানমারের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীগুলোর সদস্যরা নানা সংঘাতের সম্মুখীন হওয়ায় দেশটিতে চলমান মানবিক সংকট ও মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি আরো ঘনীভূত হয়েছে।
আজ রোববার (২৫ আগস্ট) মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের বিতাড়িত হওয়ার সপ্তম বার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা গণহত্যার বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে। সে সঙ্গে, রোহিঙ্গা সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত সদস্য এবং মিয়ানমার, বাংলাদেশ ও অঞ্চলটির সংকটে আক্রান্ত মানুষের জীবন রক্ষায় সহায়তা প্রদানের ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
গত সাত বছরে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা হিসেবে প্রায় ২৪০ কোটি ডলার দিয়েছে। আমরা রোহিঙ্গা এবং সকল বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত নির্যাতন এবং অত্যাচারের বিস্তৃত তথ্যও সংগ্রহ করেছি।
মিয়ানমারের জনগণের গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ ভবিষ্যতের আকাঙ্ক্ষার জন্য আমাদের সমর্থন অবিচল রয়েছে। সকল পক্ষকে বেসামরিকদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য আমরা আহ্বান জানাই।










