ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র যদি সরাসরি হস্তক্ষেপ করে, তাহলে সেটি ‘আরো একটি ভয়াবহ সংঘাতের ঘূর্ণি’ তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘এ ধরনের হস্তক্ষেপ গোটা পরিস্থিতিকে অস্থির করে তুলবে ‘
যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ সংকটে ভিন্ন মেরুতে অবস্থান করছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের ‘আত্মসমর্পণ’ দাবি করছেন এবং ইরানের ওপর সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছেন। অন্যদিকে, রাশিয়া ইরানকে একটি মূল কৌশলগত মিত্র হিসেবে দেখছে।
এ বছরের শুরুতে ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন, যার প্রথম অনুচ্ছেদেই প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের কথা বলা হয়েছে। ইরান এরই মধ্যে রাশিয়াকে 'শাহেদ' ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
এছাড়া, গতকাল রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়া উচিত হবে না। তার ভাষায়, ‘এই পদক্ষেপ গোটা পরিস্থিতিকে নাটকীয়ভাবে অস্থিতিশীল করে তুলবে।’










