সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে গতকাল সোমবার
(২৩ অক্টোবর) একদিনে ৪৩৬ জন ফিলিস্তিনি নিহতের খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
একইদিন দুই ইসরায়েলি নারী বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন
হামাস। খবর আলজাজিরা।
গতকাল সোমবার রাতে দুই বন্দিকে তেল
আবিবের হাতে তুলে দিয়েছে হামাস। স্বাস্থ্যগত বিবেচনায় তাদের মুক্তি দেয়া হয়েছে বলে
জানানো হয়।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডসের
মুখপাত্র আবু ওবায়দা গতকাল এসব কথা জানিয়েছেন। কাতার ও মিসরের মধ্যস্থতায় এই দুই বন্দিকে
মুক্তি দেয়া হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসিতে মুক্তি পাওয়া
বয়স্ক দুই নারীর ছবি প্রকাশ করা হয়। তারা হলেন নুরিত কুপার (৭৯) ও ইয়োশেভেদ লিফশিৎজ
(৮৫)।
ইসরায়েলি নাগরিকের এই মুক্তিতে সন্তুষ্টি
প্রকাশ করেছে ওয়াশিংটন। আর মধ্যস্থতার জন্য মিসরকে ধন্যবাদ জানিয়েছে ইসরায়েল।
এদিকে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত
রয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, আজ মঙ্গলবার ভোরে দক্ষিণ গাজায় এক
বিমান হামলায় কয়েক ডজন আহতসহ অন্তত ৫৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া রাফা
সীমান্তে আরো ২৩ বেসামরিক ফিলিস্তিনির নিহতের খবর নিশ্চিত করেছে স্থানীয় হাসপাতালের
চিকিৎসক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
গতকাল ৪৩৬ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অঞ্চলটিতে অন্তত
৫ হাজার ৮৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ হাজার ২৭৩ জন।









