ভারতের তামিলনাড়ুতে তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) দলের প্রতিষ্ঠাতা অভিনেতা বিজয় থালাপতির জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন শিশু ও ১৭ জন নারী। এ ঘটনায় আরো অন্তত ৪৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর এনডিটিভি ও আনন্দবাজার।

গতকাল কারুর জেলার জনসভায় হুড়োহুড়ির ঘটনা নজরে আসতেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকেও। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কারুরের ওই জনসভায় মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছে।

হতাহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক জনসভায় এমন ঘটনা দুর্ভাগ্যজনক বলে জানান তিনি।