ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, যুদ্ধবিরতির আলোচনার কথা বলে ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর জন্য সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননে হামাসের প্রতিনিধি ওসামা হামদান গতকাল সোমবার (১৯ আগস্ট) এ মন্তব্য করেন। খবর আল জাজিরা।
ওসামা বলেন, বাইডেন প্রশাসনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব গত মাসেই মেনে নিয়েছিল হামাস। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রাজি করাতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়।
যুদ্ধবিরতির আলোচনা থেকে তেল আবিব সরে দাঁড়ালেও যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার ফের যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা চালাচ্ছে। তারা বলছে, আবার নতুন প্রস্তাব নিয়ে আসছে তারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনও দাবি করেছেন যে, নতুন প্রস্তাবে রাজি হয়েছেন নেতানিয়াহু।
তবে নতুন নয়, হামাস কেবল যুদ্ধবিরতির পূর্বের প্রস্তাবেই সম্মত হবে বলে জানিয়েছেন ওসামা। সেই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার অন্তর্ভুক্ত ছিল। আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার এবং গাজার বিনির্মাণসহ নির্দিষ্ট পাঁচ দফা ছাড়া দাবি ছাড়া হামাস কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না বলেও জানান তিনি।
ওসামা বলেন, আমরা এখনো আমাদের দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে প্রস্তুত। যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা একজনই বাধাগ্রস্ত করছেন এবং তিনি নেতানিয়াহু।










