মিয়ানমারে সব পক্ষকে সংঘাত বন্ধ করা এবং আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
আজ রোববার (২৫ আগস্ট) মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের বিতাড়িত হওয়ার সপ্তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং অন্যান্য সম্প্রদায়কে জোরপূর্বক গণবিতাড়নের সপ্তম বার্ষিকী। বর্তমানে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। পুরো অঞ্চল জুড়ে আরো প্রায় ১ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা আশ্রয় খুঁজছেন। তাদের নিজ দেশে ফিরে যাওয়ার কোনো তাৎক্ষণিক সম্ভাবনা নেই।
রাখাইন রাজ্যে সশস্ত্র সংঘাতের সঙ্গে বৈষম্য এবং নির্যাতনও বেড়েছে। তাই অঞ্চলটিতে নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতির আরো অবনতি হয়েছে।
জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে মিয়ানমারে সংঘাত বন্ধ করার এবং আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আঞ্চলিক সুরক্ষা প্রচেষ্টা শক্তিশালী করা এবং যেসব সম্প্রদায় সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব স্থানে প্রবেশাধিকার প্রদানের আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে, বাংলাদেশে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক রোহিঙ্গাসহ আরো যেসব দেশে রোহিঙ্গারা আছেন সেসব দেশকে সহায়তার লক্ষ্যে ২০২৪ যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনাকে সমর্থন করার আহ্বানের পুনরাবৃত্তি করেন।










