নির্বাচনী প্রচারে ব্যস্ততার মাঝে কভিড-১৯ আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। বাধ্য হয়ে আপাতত বিশ্রামে থাকছেন তিনি। খবর দ্য গার্ডিয়ান।

আগামী ১৪ অক্টোবর নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন। তার আগে পাঁচদিনের বিশেষ প্রচারণায় অংশ নেয়ার কথা ছিল হিপকিন্সের। তবে অসুস্থতার পর আজ রোববার (১ অক্টোবর) সে পরিকল্পনা বাতিল করা হয়।

প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র জানান, ‘শনিবার তার সর্দি ও ফ্লুর লক্ষণ দেখা দেয়। তিনি পাঁচ দিনের জন্য বা কভিড নেগেটিভ না আসা পর্যন্ত আলাদা থাকবেন। জুমের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তিনি।’

ইনস্টাগ্রাম পোস্টে হিপকিন্স জানান, দূর থেকেই প্রচারণায় যুক্ত থাকবেন।

নিউজিল্যান্ডে বাধ্যতামূলক আইসোলেশন থাকার নিয়ম উঠে গেছে আগেই। হিপকিন্স সুপারিশকৃত স্বাস্থ্য পরামর্শের অধীনে এটি করছেন।

৪৫ বছর বয়সী প্রধানমন্ত্রী প্রচারণার গুরুত্বপূর্ণ পর্যায়ে অসুস্থ হয়ে পড়েছেন, যখন তার দল লেবার পার্টি নির্বাচনে বেশ পিছিয়ে রয়েছে। দেশটিতে আগাম ভোটিং শুরু হয়েছ ২৭ সেপ্টেম্বর।