লেবাননে বিমান হামলার পাশাপাশি তারা স্থলপথেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। একই সঙ্গে দক্ষিণ লেবাননের ২৫টি শহর খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রা। এসব শহরের বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে উত্তর দিকে চলে যেতে নির্দেশও দেয়া হয়েছে। খবর আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই লেবাননের এ শহরগুলোর বাসিন্দাদের তাদের বাড়িঘর ছেড়ে আওয়ালি নদীর উত্তরে চলে যেতে বলেছেন। খালি করতে বলা শহরের তালিকার মধ্যে রয়েছে— বোরঘোলিয়েহ, কাসমিয়েহ, নবী কাসিম, আল-মাতারিয়াহ, খারায়েব, মাজরাত কাউথারিয়েত এল রেজ, আনসার, বাবলিয়াহ, দেইর তাকলা, আদলউন এবং আনসারিয়েহ। এছাড়াও মেরুয়ানিয়েহ, জেফতা, বাফারুয়েহ, হাব্বাউচ, নাবাতিহ, সেজউদ, জবা, আনকউন, বানাফউল, কেননারিত, জেইতা, আরনায়া, মাজরাত মাতারিয়েত জবা এবং তানবোরিত শহরগুলোও এ তালিকায় রয়েছে।

আদ্রাই বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী এ শহরের বাসিন্দাদের ‘উপযুক্ত পরিস্থিতিতে’ ফিরে আসার অনুমতি দেবে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের কয়েক ডজন শহর থেকে মানুষজনকে সরে যাওয়ার আদেশ জারি করেছিল। পরে তেল আবিব সেসব ওই এলাকায় বিমান ও স্থল হামলা চালায়।