সিঙ্গাপুর সরকারের একজন মন্ত্রী ও ধনকুবেরকে সম্প্রতি দুর্নীতি তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতিবিরোধী সংস্থার মতে, পরিবহনমন্ত্রী এস ঈশ্বরান ও হোটেল প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ওং বেং সেং গ্রেফতার হন। তবে তারা পরে জামিনে মুক্তি পান। খবর রয়টার্স। দুর্নীতিমুক্ত সরকারের জন্য পরিচিত সিঙ্গাপুরে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে মামলাটিকে। দেশটির মন্ত্রিপরিষদ সদস্যরা দুর্নীতিকে নিরুৎসাহিত করার জন্য যথেষ্ট পরিমাণ বেতন পান, যার মধ্যে কেউ কেউ বার্ষিক ১০ লাখ ডলারের বেশি আয় করেন।
ওং বেং সেং সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান রেস আনার জন্য পরিচিত। তিনি দুর্নীতিবিরোধী সংস্থার তদন্তের কাজে সহযোগিতা করছেন। এছাড়া ঈশ্বরানের পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। তবে তাকে অস্থায়ীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি দেয়া হয়েছিল। যদিও তখন জামিনের পরিমাণ ১ লাখ সিঙ্গাপুর ডলার বাড়ানো হয়। সিপিআইবি তাকে পরিবহনমন্ত্রীর সঙ্গে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। প্রধানমন্ত্রী লি সিয়েন লুং পরিবহনমন্ত্রী ঈশ্বরানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনুপস্থিতির ছুটি নেয়ার নির্দেশ দিয়েছেন।










