পেনসিলভানিয়ায় আবারো নিরাপত্তা সংকটে পড়লেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার পেনসিলভানিয়ার জনস্টাউন এলাকায় নির্বাচনী সমাবেশে নিরাপত্তাবলয় টপকে মঞ্চে ওঠার চেষ্টা করেন এক যুবক। যদিও ট্রাম্পের কাছে পৌঁছতে পারেননি তিনি। তার আগেই ওই যুবককে আটক করে পুলিশ।   

কিছুদিন আগেই পেনসিলভানিয়ায় এক সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়েছিল। তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল এক যুবক। বড় ধরনের ক্ষতি না হলেও গুলিটি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় নিরাপদে সরিয়ে নেয়া হয় রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে। সেই সঙ্গে হামলাকারী ওই যুবককে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করেছিল যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বরে। ওই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

ট্রাম্প শুক্রবার পেনসিলভানিয়ার জনস্টাউন এলাকায় সমাবেশে যোগ দিয়েছিলেন। মঞ্চে বক্তব্য দেয়ার সময় ভিড় ঠেলে এক যুবককে মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়। মঞ্চে ওঠার আগেই তাকে ধরে ফেলেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। ওই যুবকের কাছে তখন ছিল টেজার গান (এক ধরনের বন্দুক, যার মাধ্যমে বৈদ্যুতিক শক দিয়ে অপরাধীকে কাবু করা হয়)। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাম্প সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলার সময় ওই যুবক মঞ্চের দিকে এগিয়ে যান। তবে কী উদ্দেশ্যে তিনি মঞ্চের দিকে যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।