ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কিয়েভে এ হামলা চালিয়েছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ১০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র, প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। কিয়েভে হামলার পর শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কিয়েভ সামরিক প্রশাসন জানিয়েছে, কিয়েভ, খারকিভ, দনিপ্রো, পোলতাভা, মাইকোলাইভ ও জাপোরিজিয়া অঞ্চলে ৩৫টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২২টি ও ২৩টি ড্রোন আক্রমণের মধ্যে ২০টি ধ্বংস করা সম্ভব হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, জরুরি সেবার কর্মীরা হোলোসিভস্কি এবং সলোমিনস্কি জেলায় কাজ করছে। শেভচেনকিভস্কি জেলায় ধ্বংসাবশেষে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে, ইউক্রেনের পাল্টা আক্রমণে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে শিশুদের একটি স্কুল ধ্বংস হয়েছে। ফলে অঞ্চলটির কিছু স্কুল অনলাইনে ক্লাস পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে বেলগোরদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাডকভ বলেছেন, এটি বেলগোরদ অঞ্চলের জন্য একটি খারাপ সকাল।