অস্ত্র হিসেবে সাদা ফসফরাস নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় ব্যবহার করলে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। অবরুদ্ধ বাখমুত শহরে বিপজ্জনক রাসায়নিকটি ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ ইউক্রেনের। খবর বিবিসি।

সম্প্রতি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। বাখমুতের ওই ভিডিওতে শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়। আকাশ থেকে সাদা ফসফরাস বৃষ্টির মতো ঝরতেও দেখা যায়।

ফসফরাসে তৈরি আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যা নিভানো খুব কঠিন। রাশিয়ার বিরুদ্ধে এর আগেও এই অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে।

রাশিয়া কয়েক মাস ধরে বাখমুত দখলের চেষ্টা করছে। পশ্চিমাদের ধারণা, এই অঞ্চলে হাজার হাজার সৈন্য হারিয়েছে মস্কো।

রুশ বাহিনী দখল করতে পারেনি এমন এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কিন্তু এখনো পুরো বিষয়টি স্পষ্ট নয়। ইউক্রেনের প্রকাশ করা ফুটেজে উঁচু ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা অন্যান্য ভিডিওতে দেখা গেছে, মাটিতে আগুন জ্বলছে ও সাদা মেঘ রাতের আকাশকে আলোকিত করে আছে।

যুদ্ধের শুরুতে মারিউপোল অবরোধসহ ইউক্রেনের অন্যান্য অঞ্চলে সাদা ফসফরাস ব্যবহার করেছে রাশিয়া, এমন অভিযোগ রয়েছে।

মস্কো কখনই প্রকাশ্যে পদার্থটি ব্যবহারের কথা স্বীকার করেনি। গত বছর ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ তুললে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ অস্বীকার করেন। তিনি জোর দিয়ে বলেন, রাশিয়া কখনো আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেনি।

সাদা ফসফরাস মোমের মতো পদার্থ, যা ৮০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সংস্পর্শে জ্বলে ও উজ্জ্বল মেঘ তৈরি করে। এটি অত্যন্ত আঠালো ও অপসারণ করা কঠিন।