অনির্দিষ্টকালের জন্য চলতে থাকা ফেডারেল সরকারের শাটডাউন মার্কিন অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিশ্লেষকদের পূর্বাভাস অনুসারে, এ ক্ষতির পরিমাণ সাপ্তাহিক ভিত্তিতে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। খবর দ্য গার্ডিয়ান।
হিসাব নিরীক্ষা ও আর্থিক বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান ইওয়াই পারথেননের এক প্রতিবেদনে বলা হচ্ছে, শাটডাউন এক সপ্তাহে মার্কিন অর্থনীতিতে বার্ষিক হারে চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) জিডিপি প্রবৃদ্ধি দশমিক ১ শতাংশীয় পয়েন্ট কমিয়ে দিতে পারে। সপ্তাহ হিসাবে এর পরিমাণ প্রায় ৭ বিলিয়ন বা ৭০০ কোটি ডলার।
অর্থনৈতিক এ ক্ষতির মধ্যে বিনা বেতনে ছুটিতে থাকা ফেডারেল কর্মীদের আয়, সরকারের পণ্য ও পরিষেবা ক্রয়ে বিলম্ব এবং চাহিদা হ্রাস অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে হোয়াইট হাউজের কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজারসের (সিইএ) অভ্যন্তরীণ এক নথি অনুসারে শাটডাউনের প্রকৃত ক্ষতি আরো বেশি হতে পারে। প্রতি সপ্তাহে মার্কিন জিডিপিতে ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে। শাটডাউন এক মাস অব্যাহত থাকলে আরো ৪৩ হাজার মানুষ বেকার হয়ে পড়বে। এছাড়া মাসব্যাপী শাটডাউনে মার্কিন ভোক্তাব্যয় কমবে ৩ হাজার কোটি ডলার।
সিইএর বিশ্লেষণে দেখা যাচ্ছে, শাটডাউন বিভিন্ন সূচকে অর্থনৈতিক সম্ভাবনাকে দুর্বল করতে পারে। এর মধ্যে রয়েছে কম প্রবৃদ্ধি, বেকারত্ব বৃদ্ধি, সামাজিক নিরাপত্তায় ব্যাঘাত, উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ও নবজাতক রয়েছে এমন নারীদের পুষ্টি সহায়তায় বিঘ্ন ঘটতে পারে। শাটডাউন যত দীর্ঘ হবে, এসব প্রভাব তত তীব্র হবে।
ইওয়াই পারথেননের বিশ্লেষণে বলা হয়, বিনাবেতনে ছুটিতে থাকা কর্মীদের আটকে থাকা অর্থ পরিশোধ বা ব্যাকপে এবং সরকারি কার্যক্রম চালু হলে অর্থনৈতিক ক্ষতি কিছুটা পুনরুদ্ধার করা যাবে। তবে এর স্থায়ী প্রভাব থেকে যাবে।
আরো বলা হচ্ছে, তাৎক্ষণিক সামষ্টিক অর্থনৈতিক প্রভাব ছাড়াও শাটডাউন মার্কিন আর্থিক বাজার ও বেসরকারি খাতের আস্থার ওপর চাপ তৈরি করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি অর্থনৈতিক ডাটা প্রকাশ বিলম্বিত করবে, যা মার্কিন অর্থনীতির এক সংকট মুহূর্তে ফেডের নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী নেতাদের পরিকল্পনাকে জটিল করে তুলবে। তারা বর্তমানে কোনো ধরনের ডাটা ছাড়াই অত্যন্ত অনিশ্চিত এক পরিস্থিতি সামাল দিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে সর্বশেষ শাটডাউন স্থায়ী হয়েছিল ২০১৮ সালের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারি পর্যন্ত ৩৫ দিন। কংগ্রেশনাল বাজেট অফিসের হিসাব অনুযায়ী, ওই সময় অর্থনীতিতে কমপক্ষে ১ হাজার ১০০ কোটি ডলার ক্ষতি হয়েছিল, যার মধ্যে ৩০০ কোটি ডলার ছিল স্থায়ী ক্ষতি। তবে প্রতিবেদনে শাটডাউনের কিছু পরোক্ষ প্রভাব যেমন ফেডারেল পারমিট স্থগিত হওয়া ও ঋণপ্রাপ্তি সীমিত হয়ে পড়ার মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল না।










