বিশ্ববিখ্যাত ইতালীয় ডিজাইনার জর্জিও আরমানির জাদুকরী নকশার স্পর্শ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমায় সমুদ্রসংলগ্ন একটি ভিলা প্রকল্প। আরএএক প্রপার্টিজ ও এসআইই গ্রুপের সঙ্গে তার অংশীদারত্বে চালু হচ্ছে ‘আরমানি বিচ রেসিডেন্সেস রাস আল খাইমা’। এটি বিশ্বে প্রথমবারের মতো আরমানি-ব্র্যান্ডেড সৈকত ভিলা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাহা দ্বীপে প্রকল্পটি গড়ে উঠছে। দ্বীপটি রাস আল খাইমার প্রিমিয়াম আবাসিক অঞ্চল মিনার অংশ। আরমানি বিচ রেসিডেন্সেস থাকবে সীমিত সংখ্যক বিলাসবহুল সৈকত ভিলা ও অ্যাপার্টমেন্ট। প্রতিটি আবাসনে থাকবে একান্ত ব্যক্তিগত সৈকত ও আরব উপসাগরের অপূর্ব দৃশ্যপট। এমন সময়ে প্রকল্পটির উদ্বোধন হচ্ছে যখন গৃহস্থালি ব্র্যান্ড আরমানি/কাসা ২৫ বছর এবং মূল ব্র্যান্ড জর্জিও আরমানি ৫০ বছর পূর্তি উদযাপন করছে। নতুন ভিলা লাইফস্টাইল ও নকশায় আরমানির পাঁচ দশকের যৌথ অংশীদারত্ব তুলে ধরবে। আরমানি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও আরমানি জানান, বসবাসের নতুন এ প্রকল্পে আগ্রহী হওয়ার একাধিক কারণ রয়েছে তার। সেখানে উচ্চমানের সেলাই শিল্প সম্পর্কে তার দর্শন প্রাত্যাহিক জগতে প্রয়োগ হবে। এছাড়া ভিলাগুলোর আশপাশের সমুদ্রপারের প্রাকৃতিক সৌন্দর্যে মিশে এক অনন্য জীবনধারা উপহার দেবে বাসিন্দাদের। আলট্রা-লাক্সারি আবাসন প্রকল্পটির নকশা করবেন আরমানি ও তার স্থপতি দল, যার অনুপ্রেরণায় রয়েছে খ্যাতিমান এই ডিজাইনারের ব্যক্তিগত বাসভবন। যেখানে থাকবে তার সিগনেচার মিতব্যয়ী সৌন্দর্য ও চিরন্তন অভিজাত্যের মেলবন্ধন। দুবাই ও আবুধাবির পাশাপাশি বিলাসী জীবনযাপনের গন্তব্য হিসেবে পরিচিতি পাওয়া রাস আল খাইমায় আলট্রা-লাক্সারি লিভিংয়ের নতুন মানদণ্ড হবে প্রকল্পটি। এখানে বাসিন্দারা ঘরে-বাইরে পাবেন বিলাসবহুল নানা সুবিধা, সদস্যদের জন্য থাকছে নির্ধারিত এক্সক্লুসিভ বিচ ক্লাব। অভিজাত এ কমিউনিটির অংশ হিসেবে বাসিন্দারা পাবেন জর্জিও আরমানির কিউরেট করা একাধিক সুবিধা ও পরিষেবা। খবর অ্যারাবিয়ান বিজনেস
জর্জিও আরমানির নকশায় প্রথমবার সৈকত ভিলা
বিশ্ববিখ্যাত ইতালীয় ডিজাইনার জর্জিও আরমানির জাদুকরী নকশার স্পর্শ পাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমায় সমুদ্রসংলগ্ন একটি ভিলা প্রকল্প।










