তিন মাসেরও বেশি সময় ধরে সুদানে চলমান সংঘাতের বড় শিকার হচ্ছে বেসামরিক মানুষ। গত এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে শুরু হওয়া যুদ্ধ থামার কোনো সম্ভাবনা না থাকায় দেশ ছেড়ে পালাচ্ছে সাধারণ নাগরিকরা। সম্প্রতি দুই পক্ষের তীব্র লড়াইয়ে দারফুরে প্রাণ হারিয়েছে ১৬ নাগরিক।

স্থানীয় আইনজীবী ইউনিয়ন জানিয়েছে, দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালা শহরে এ হতাহতের ঘটনা ঘটেছে। দারফুর বার অ্যাসোসিয়েশন বলছে, লড়াইয়ে নিহত হওয়া ১৬ জনের মধ্যে এমন একটি পরিবার রয়েছে যে পরিবারের একজন বাদে সবাই মারা গেছে। প্রাণে বেঁচে থাকা একমাত্র সদস্যটিও গুরুতর আহত হয়েছে।

এছাড়া পশ্চিম দারফুর রাজ্যে স্নাইপারদের টার্গেট হয়ে উঠেছে সাধারণ মানুষ। ফলে সীমান্ত পেরিয়ে এল জেনিনাসহ চাদের দিকে পালাচ্ছে মানুষ। দারফুর বার অ্যাসোসিয়েশন বলছে, স্নাইপারের গুলিতে অন্তত একজন মারা গেছে।

দেশটির রাজধানী খার্তুম থেকে আল জাজিরার প্রতিবেদক হিবা মরগান জানিয়েছেন, হাজার হাজার মানুষ পশ্চিম দারফুর অঞ্চল থেকে পালিয়ে যাচ্ছে এবং প্রতিবেশী চাদ সীমান্তে যাওয়ার চেষ্টা করছে। পশ্চিম দারফুর থেকে সীমান্তে আগত শরণার্থীদের মধ্যে ব্যাপক সহিংসতার শিকার হওয়ার চিহ্ন দেখা গেছে।

২০০০ সালের শুরুর দিকে নৃশংস সংঘাতের কারণে এরই মধ্যে বিধ্বস্ত বিশাল অঞ্চলটিতে নতুন করে এপ্রিলের মাঝামাঝি থেকে তীব্র লড়াই শুরু হয়েছে। এবারের লড়াইয়ের সূত্রপাত মূলত দেশটির জেনারেলদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব থেকে।