ডেমোক্রেটিক দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সম্মেলনের শেষ রাতে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এক জ্বালাময়ী বক্তব্য দেন। সেখানে তিনি তার গাজা-ইসরায়েল নীতি প্রকাশ করেন। খবর রয়টার্স।

এর আগে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সমালোচনা করে বলেন, কমলা হ্যারিস পররাষ্ট্রনীতিতে অত্যন্ত দুর্বল। এছাড়া কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের তরুণেরা যখন ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করছিলেন, তখন কমলা হ্যারিস এসব বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি।

জাতীয় সম্মেলনের ভাষণে ৫৯ বছর বয়সী কমলা হ্যারিস বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা, গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা ও গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে।

একই সঙ্গে তিনি ডোনাল্ড ট্রাম্পকে স্বৈরাচার বলতেও দ্বিধা করেননি। তিনি বলেন, গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের লড়াইয়ে আমি জানি আমার অবস্থান কোথায়। আর আমি এটাও জানি যুক্তরাষ্ট্রের মানুষ কী চায়।