ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৬ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ আসে পর ৭ দশমিক ২ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটির আঘাত। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ইতোমধ্যে সুনামি সতর্কতা জারি করেছে।

ইউএসজিএস-এর তথ্যানুসারে, ভূমিকম্পটি মিন্ডানাও দ্বীপের পূর্ব উপকূলে, দ্বীপের রাজধানী দাভাও থেকে প্রায় ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে আঘাত হানে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরো বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এ দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

ভূমিকম্প দু’টি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’ হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।