যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবার গাড়ি চাপায় ৭ পথচারী নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার (৭ মে) অঙ্গরাজ্যটির মেক্সিকো সীমান্তবর্তী শহর ব্রাউনসভিলের একটি বাস স্টপেজে গাড়িচাপায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মেক্সিকো সীমান্তবর্তী ব্রাউনসভিল শহরের একটি বাস স্টপেজে গাড়িচাপায় সাতজন নিহত হয়েছেন।সকাল সাড়ে ৮টায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলের কাছেই গৃহহীন এবং অভিবাসীদের জন্য একটি আশ্রয় কেন্দ্র রয়েছে।
বিবিসি বলছে, গাড়িচাপার এই ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অভিযুক্ত চালককে আটক করে মামলা দায়ের করা হয়েছে। ব্রাউনসভিল পুলিশ বলছে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল কিনা তা স্পষ্ট নয়।
ব্রাউনসভিল পুলিশ বিভাগের লেফটেন্যান্ট মার্টিন স্যান্ডোভাল বলেন, নিহতদের মধ্যে কয়েকজন অভিবাসী রয়েছে। এরই মধ্যে ঘাতক গাড়িচালককে হেফাজতে নেয়া হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর জন্য তাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হতে পারে।
তিনি বলেন, গাড়িচাপার এই ঘটনাকে একটি ইচ্ছাকৃত হামলা বলে মনে হচ্ছে। চালককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং মাদক ও অ্যালকোহল পরীক্ষা করানো হয়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি কর্তৃপক্ষকে অসহযোগিতা করছেন বলে জানা গেছে।










