সীমান্তে চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বিনির্মাণের আহ্বান জানিয়েছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই। জাকার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠকে ওয়াং ই দুই দেশের মধ্যে সন্দেহের চেয়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। খবর রয়টার্স।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার বিস্তৃত এবং বিতর্কিত সীমান্ত রয়েছে, যার কারণে ১৯৬২ সালে দেশ দুটির মধ্যে সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল। যদিও দুই দেশের সীমান্ত চুক্তিগুলো নব্বইয়ের দশক থেকে সম্পর্কের উন্নতি করেছে। তবে ২০২০ সালে সংঘর্ষের ফলে সীমান্তে সামরিক উপস্থিতি উত্তেজনা বাড়িয়েছে। 

সীমান্ত সমস্যা সমাধানে চীন ও ভারতের একসঙ্গে কাজ করার পাশাপাশি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ওয়াং। তিনি আরো জোর দিয়েছেন, তাদের একে অন্যকে অবজ্ঞা বা অবিশ্বাস করার পরিবর্তে সমর্থন ও সহযোগিতা করা উচিত। ওয়াং নির্দিষ্ট কিছু বিষয় দ্বারা দুই দেশের সামগ্রিক সম্পর্ককে সংজ্ঞায়িত না করার গুরুত্বও তুলে ধরেন। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত ইস্যুতে সামরিক কমান্ডার পর্যায়ের পরবর্তী আলোচনা দ্রুত করতে দুই দেশ সম্মত হয়েছে। এছাড়া ওয়াং চীনা ব্যবসার ওপর ভারতের সাম্প্রতিক বিধিনিষেধ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। 

উল্লেখ্য, ভারত ২০২০ সাল থেকে টিকটকসহ ৩০০টিরও বেশি চীনা অ্যাপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং চীনা বিনিয়োগের ওপর নজরদারি বাড়িয়েছে।