ফিলিস্তিনের গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের একটি বাদে সবগুলো নৌযান আটক করে নিজেদের বন্দরে নিয়ে গেছে ইসরায়েল। বর্তমানে গাজার পথে এ বহরের একমাত্র নৌযান হিসেবে এগিয়ে যাচ্ছে ম্যারিনেট।
আজ শুক্রবার সকালে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, পোল্যান্ডের পতাকাবাহী নৌযানটিতে এই মুহূর্তে ছয়জন ক্রু রয়েছেন এবং তারা গাজার দিকে এগিয়ে যাচ্ছেন।
শুক্রবার প্রথম প্রহরের কিছু আগে অর্থাৎ ভোর ৪টার দিকে নৌযানটির লাইভ ভিডিও ফিডে দেখা যায়, ভূমধ্যসাগরে নৌযানটিকে গাজার দিকে নিয়ে নিচ্ছেন ক্রুরা। তাদের পেছন দিক থেকে সূর্য উঠছে। লাইভ জিও ট্রাকার বা অবস্থান শণাক্ত করা ওয়েবসাইটের তথ্য বলছ, নৌযানটি শেষ খবর পাওয়া পর্যন্ত গাজা জলসীমা থেকে ৪৩ নটিকাল মাইল বা ৮০ কিলোমিটার দূরে ছিল।
এর আগে বৃহস্পতিবার রাতে ফ্লোটিলার আয়োজকদের সঙ্গে ভিডিও কলে কথা বলেন ম্যারিনেট নৌযানটির ক্যাপটেন। নিজেকে কেমেরুন বলে পরিচয় দেয়া ওই ব্যক্তি জানান, ইঞ্জিনসংক্রান্ত জটিলতার কারণে নৌযানটি মূল বহর থেকে খানিকটা পিছিয়ে পড়েছিল।
তিনি জানান, আমাদের সঙ্গে কয়েকজন শক্তিশালী তুর্কি নাগরিক রয়েছেন। এছাড়া ওমানের একজন নারী ও আমি আছি। আমরা কেবল আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকব।
এরই মধ্যে ম্যারিনেটকে সতর্ক করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ এবং অবরোধ ভাঙার যেকোনো প্রচেষ্টা প্রতিরোধ করা হবে।
বিভিন্ন দেশের সংসদ সদস্য, মানবাধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার পাঁচ শতাধিক ব্যক্তিকে বহন করা ৪৪ নৌযানের বহরের একটি জাহাজ বাদে বাকিগুলোকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েল। নৌযানগুলোকে ইসরায়েলের আশদোদ বন্দরে নেয়া হচ্ছে। সেখান থেকে জাহাজের আরোহীদের ইউরোপে ফেরত পাঠানো হবে।










