চলতি বছরের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। মহাকাশ নিয়ে লেখা ‘অরবিটাল’ উপন্যাসের জন্য এ পুরস্কার দেয়া হয়েছে তাকে। খবর বিবিসি।

সামান্থার এ উপন্যাস এগিয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের একদল মহাকাশচারীকে কেন্দ্র করে। এ গল্পের মাধ্যমে মূলত একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে পৃথিবীকে পাঠকের সামনে তুলে ধরেছেন তিনি।

সামান্থা হার্ভে বইটি লেখেন কভিড-১৯ মহামারীর লকডাউন চলাকালে। এটি তার পঞ্চম বই। চলতি বছর বুকার পুরস্কারের জন্য যে ছয়জন মনোনীত হন তাদের মধ্যে সামান্থার বইটি বিক্রি হয় সবচেয়ে বেশি। ২০১৯ সালের পর প্রথম নারী হিসেবে এ পুরস্কার জিতলেন সামান্থা। লন্ডনের ওল্ড বিলিংসগেটে একটি অনুষ্ঠানে সামান্থাকে জয়ী ঘোষণা করা হয়। তার পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড।

পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় সামান্থা বলেন, ‘যারা পৃথিবীর পক্ষে সরব থাকেন, শান্তির পক্ষে থাকেন এবং কাজ করেন, আমি তাদের জন্য এ পুরস্কার উৎসর্গ করছি।’

সামান্থা বলেন, ‘বইটি লেখার সময় আমি নিজেকে প্রশ্ন করেছিলাম—মানুষ যখন মহাকাশে অবস্থান করছে, তখন উইল্টশায়ার শহরের ডেস্কে বসে মহাকাশ নিয়ে একজন নারীর লেখা বই মানুষ কেন পড়বে? আমি একসময় দ্বিধায় পড়ে যাই এবং আমার কাছে মনে হচ্ছিল, বইটি লেখার কোনো অধিকার আমার নেই।’

সামান্থা মনে করেন, এ পুরস্কার তার জীবনকে বদলে দেবে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড কীভাবে খরচ করবেন, এ ব্রিটিশ লেখকের কাছে জানতে চেয়েছিল বিবিসি। জবাবে তিনি বলেন, ‘আমার নিজের জন্য একটি বাইক কিনতে হবে এবং সেটা হবে খুব ভালো মানের।’

‘অরবিটাল’ ১৩৬ পৃষ্ঠার একটি বই। বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই এটি। এছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতল।