চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ৫ দশমিক ২৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় সোমবার রাতে এ ভূমিকম্প আঘাত হানে বলে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

জিএফজেডের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে জিএফজেড।

চীনের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের গভীরতা কম হওয়ায় উৎপত্তিস্থলের আশপাশের বিস্তীর্ণ এলাকায় ঝাঁকুনি অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর সিচুয়ানের রাজধানী চেংডুসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।