ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফিনল্যান্ডে সংক্ষিপ্ত সফর শেষে বুধবার রাতে এক ঝটিকা সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম নেদারল্যান্ড সফর করছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৪ মে) তিনি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে, পররাষ্ট্রমন্ত্রী ওয়াপকে হোয়েকস্ট্রা এবং প্রতিরক্ষা মন্ত্রী কাজসা ওলোনগ্রেনের সঙ্গে দেখা করবেন। একজন ডাচ কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নেদারল্যান্ডসে তাকে প্রকাশ্যে বক্তৃতা দেয়ার অনুমতি দেয়া হয়নি।

নেদারল্যান্ডসে জেলেনস্কি ‘‌দেয়ার ইজ নো পিস উইদাউট জাস্টিস’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন। এছাড়া এ সফরে তার আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার কথা রয়েছে। প্রসঙ্গত, এর আগে ক্রেমলিন আক্রমণ করে শিশুদের বাস্তুচ্যুত করার অপরাধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এ আদালত।

এদিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুও জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের জন্য নেদারল্যান্ডসের যাচ্ছেন। আজই এ দুই নেতার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে প্রথম দশ মাস তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। তবে ওই বছরের ডিসেম্বরে তিনি আর্থিক ও সামরিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্রে যান। এরপর অবশ্য তিনি পশ্চিম ইউরোপের রাজধানী এবং পোল্যান্ডসহ বেশকয়েকটি দেশ ভ্রমণ করেছেন। সর্বশেষ গত বুধবার তিনি নর্ডিক নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের জন্য ফিনল্যান্ড সফর করেছেন। আগামী ১৩ মে তার বার্লিনে যাওয়ার কথা রয়েছে।