ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে চলতি বছরের প্রথমার্ধে প্রায় ২৮৯ শিশু মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। গতকাল শুক্রবার (১৪ জুলাই) সংস্থাটি জানায়, এই সংখ্যা ২০২২ সালের প্রথম ছয় মাসে দ্বিগুণ হবে। খবর ডন।

ইউনিসেফের কর্মকর্তা ভেরেনা নাউস বলেন, প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ মাঝ সাগরে অনেক জাহাজডুবিতে কেউ বেঁচে নেই বা ওই সব ঘটনা রেকর্ড করা হয়নি।

‘এই মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য’ বলেও উল্লেখ করেন তিনি। সঙ্গে যোগ করেন, ২০২৩ সালের প্রথম ছয় মাসে আনুমানিক ১১ হাজার ৬০০ শিশু ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। যা ২০২২ সালের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরো জানান, ২০২৩ সালের প্রথম তিন মাসে প্রায় তিন হাজার ৩০০ শিশু ইউরোপে গেছে। এই সংখ্যা ভূমধ্যসাগর হয়ে যাওয়া শিশুর ৭১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা তিন গুণ বেশি।

ইউরোপে শিশুদের সুরক্ষার জন্য আইনিভাবে পদক্ষেপ ও সুবিধাজনক পথ খোঁজার আহ্বানও জানিয়েছে ইউনিসেফ।