ইউক্রেনীয় সৈন্যদের রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পরিচালিত অভিযানকে 'বিজয় পরিকল্পনার' অংশ হিসেবে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এই 'বিজয় পরিকল্পনা' উপস্থাপন করা হবে। খবর বিবিসি।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) এক ফোরামে বক্তব্য রাখার সময় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, এই পরিকল্পনার সাফল্য প্রেসিডেন্ট বাইডেনের ওপর নির্ভর করবে। কারণ, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই পরিকল্পনার অংশ হিসাবে যা প্রয়োজন তা দেবে কিনা এবং আমরা এই পরিকল্পনা প্রয়োগ করে স্বাধীনতা পাব কিনা তার ওপর নির্ভর করছে পরিকল্পনাটির সাফল্য।
তিনি বলেন, পরিকল্পনাটি কিছু লোকের কাছে খুব উচ্চাকাঙ্ক্ষী মনে হতে পারে। তবে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের কাছেও উপস্থাপন করবেন বলে জানান তিনি।
প্রেসিডেন্ট জেলেনস্কি আরো জানান, ইউক্রেন সম্প্রতি দেশীয়ভাবে তৈরি একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা চালিয়েছে। তিনি তার দেশের প্রতিরক্ষা বিভাগকে অভিনন্দন জানিয়েছেন। তবে ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিশদ তথ্য দেননি তিনি।
গত ৬ আগস্ট সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করে ইউক্রেন। ফোরামটিতে ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার, জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বলেন, তারা এখন পর্যন্ত রাশিয়ার ১ হাজার ২৯৪ বর্গকিলোমিটার অঞ্চল ও ১০০ বসতি দখলে নিয়েছে। রাশিয়া এখনো পর্যন্ত তাদের প্রতিহত করতে সক্ষম হয়নি।
জেনারেল সিরস্কি বলেন, রুশ সেই ভূখণ্ড ধরে রাখার কোনো ইচ্ছা নেই ইউক্রেনের এবং অভিযানটির অন্যতম উদ্দেশ্য ছিল রুশ বাহিনীকে পূর্ব ইউক্রেনে আক্রমণ করা থেকে বিচ্যুত করা।










