ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষিতে তুরস্ক প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্ক ইরান সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, যদিও ইরান থেকে অনিয়মিত অভিবাসনের কোনো প্রবাহ এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি।
সূত্রটি জানিয়েছে, তুরস্ক স্থানীয়ভাবে উৎপাদিত রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নের কাজ অব্যাহত রেখেছে। এর মূল লক্ষ্য হলো যুদ্ধের জন্য উচ্চমাত্রার প্রস্তুতি বজায় রাখা।
সূত্রটির দাবি, ইসরায়েল যখন ইরানে হামলা চালায়, ঠিক তখনই তুরস্কের ‘কুইক রিঅ্যাকশন অ্যালার্ট’ যুদ্ধবিমান আকাশে ওড়ানো হয়। এসব বিমান এখনো সীমান্ত এলাকায় টহলে রয়েছে, যাতে ইসরায়েলি কোনো বিমান সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়।
রয়টার্স আরো জানিয়েছে, ইরান-ইসরায়েল সংঘাত যদি কোনোভাবে তুরস্কের ভূখণ্ডে ছড়িয়ে পড়ে, তবে তা মোকাবেলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে আঙ্কারা।










