‘বাই নাউ পে লেটারের’ (বিএনপিএল) উত্থানে তরুণদের মূল চালক ধরা হলেও যুক্তরাজ্যে বয়স্কদের মধ্যে বেড়ে চলেছে এ পরিষেবার ব্যবহার। আর্থিক প্রতিষ্ঠান ইউকে ফাইন্যান্সের বার্ষিক প্রতিবেদন অনুসারে, ৫৫-৬৪ বছর বয়সীদের মধ্যে এর ব্যবহার এক বছরের ব্যবধানে দ্বিগুণেরও বেশি হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

বিএনপিএলের সহজলভ্যতা ব্যবহার বৃদ্ধিরও অন্যতম কারণ। এখন যুক্তরাজ্যে অনলাইন চেকআউটে প্রায় সর্বত্রই এ সুবিধা পাওয়া যায়, যা ক্রমেই ফিজিক্যাল স্টোরগুলোয় ছড়িয়ে পড়ছে। এর মাধ্যমে জুতা, পিৎজা থেকে শুরু করে গৃহস্থালি সরঞ্জাম ও কনসার্ট টিকিট পর্যন্ত বিভিন্ন সেবা কিস্তিতে কেনা যায়। সাধারণত তিন মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করা যায়। সময়মতো কিস্তি পরিশোধ করলে সুদ বা অতিরিক্ত চার্জ দিতে হয় না।

যুক্তরাজ্যে বিএনপিএলের পাশাপাশি ডিজিটাল পেমেন্টে রূপান্তর দ্রুত এগোচ্ছে। দেশটির অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক অ্যাপল পে ও গুগল পের মতো মোবাইল ওয়ালেট ব্যবহার করছেন। মোবাইল ব্যাংকিং হয়ে উঠছে অ্যাকাউন্ট পরিচালনার প্রধান মাধ্যম। প্রথমবারের মতো গত বছর দেশটিতে নগদ লেনদেন মোট পেমেন্টের ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এ সময় প্রায় এক-তৃতীয়াংশ প্রাপ্তবয়স্ক নগদবিহীন লেনদেন করেছেন।

প্রতিবেদনে দেখা গেছে, বিএনপিএল ব্যবহারে ‘উল্লেখযোগ্য উল্লম্ফন’ ঘটেছে। মাত্র এক বছরে এর ব্যবহার ১৪ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছেছে। তবে নিয়ন্ত্রক সংস্থা ও ভোক্তা সংগঠনগুলো বরাবরই খাতটির দ্রুত সম্প্রসারণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, অনেকে এমন ঋণ নিচ্ছেন যা সময়মতো শোধ করা সম্ভব নয়। ফলে অতিরিক্ত চার্জ গুনতে হচ্ছে এবং ঋণজালে জড়িয়ে পড়ছেন।

সম্প্রতি ১ হাজার ৩০০ কোটি পাউন্ডের বিএনপিএল বাজার নিয়ন্ত্রণে পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি (এফসিএ)। এতে অতি অল্প ঋণের ক্ষেত্রেও ঋণগ্রহীতার সক্ষমতা যাচাইয়ের নিয়ম প্রবর্তনের ইঙ্গিত রয়েছে।

২০-৩০ বছর বয়সী তরুণরা এখনো সবচেয়ে ঘনঘন বিএনপিএল ব্যবহার করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংশ্লিষ্ট প্রচারণার লক্ষ্যও তারা। তবে ব্যবহারকারীর সংখ্যায় ৫৫-৬৪ বছর বয়সীদের মধ্যে সবচেয়ে বড় উত্থান ঘটেছে। এ বয়সী ব্যবহারকারীর হার ২০২৩ সালে ১০ শতাংশ থেকে গত বছর বেড়ে ২১ শতাংশে পৌঁছেছে।

অন্য জরিপেও বয়স্কদের মধ্যে চাহিদা বৃদ্ধির কথা উঠে এসেছে। ধারণা করা হয়, সীমিত বাজেটে থাকা অনেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বিএনপিএল ব্যবহার করছেন। পুরনো ধাঁচের সুদমুক্ত ঋণের সঙ্গে পরিচিত অনেকের কাছে বিএনপিএল অস্বাভাবিক মনে হচ্ছে না।

যুক্তরাজ্যে বিএনপিএল লেনদেনের গড় পরিমাণ ১১৪ পাউন্ড। এর ৪৬ শতাংশ খরচ হয় ফ্যাশন খাতে। ব্যবহারকারীদের বড় অংশ এ পরিষেবার জন্য ক্লারনা, ক্লিয়ারপে ও পেপ্যালের দ্বারস্থ হচ্ছেন।