আসন্ন মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন টিম ওয়াল্জ। তিনি মিনেসোটার গভর্নর। মঙ্গলবার (৬ আগস্ট) কমলা হ্যারিসের নির্বাচনী প্রচারণা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে।

টিম ওয়াল্জের বয়স ৬০। তিনি মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা। এছাড়া আগে শিক্ষকতাও করতেন। রিপাবলিকান অধ্যুষিত মিনেসোটায় ২০০৬ সালে মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হন। ২০১৮ সালে এ অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচিত হন।

গভর্নর হিসেবে বেশ কিছু প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন টিম ওয়াল্জ। এর মধ্যে রয়েছে বিনামূল্যে স্কুল মিল চালু, জলবায়ু পরিবর্তন ঠেকানোর উদ্যোগ গ্রহণ, মধ্যবিত্ত শ্রেণীর জন্য কর কমানো এবং সরকারি কর্মচারীদের ছুটি বাড়ানো।