যুক্তরাষ্ট্রে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের আশা করা হচ্ছে। তবে সয়াবিনের ফলন নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া সহনীয় থাকলেও আগামী কয়েক সপ্তাহের তাপমাত্রা শস্য উৎপাদনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ফসল পর্যবেক্ষণ কার্যক্রম ক্রপ ওয়াচের তথ্যানুযায়ী, দেশটির ১১টি কৃষিভিত্তিক মাঠে দেরিতে বপন করা সয়াবিন এখনো ভালোভাবে বেড়ে ওঠেনি। ফলে এসব খেত আগামী মাসের আবহাওয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
সব মিলিয়ে এখনো যুক্তরাষ্ট্রে প্রতি একরে ১৮৪ বুশেল ভুট্টা উৎপাদনের সম্ভাবনা ধরা হচ্ছে, যা দেশটির কৃষি বিভাগের পূর্বাভাস ১৮১ বুশেলের তুলনায় কিছুটা বেশি। এ ব্যবধান প্রায় ২৬ কোটি বুশেল অতিরিক্ত সরবরাহের ইঙ্গিত দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে এ সপ্তাহে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এতে শস্য উৎপাদনে বাড়তি সময় লাগবে।










