ভারতের ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস
ফেডারেশন (এনসিসিএফ) এর আগে দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভর্তুকি দামে টমেটো
বিক্রি করেছে। আজ সোমবার (২১ আগস্ট) থেকে এ তালিকায় যুক্ত হচ্ছে রান্নার অতিপ্রয়োজনীয়
উপকরণ পেঁয়াজ। খবর হিন্দুস্তান টাইমস।
দেশটির সরকার ২০২৩-২৪ অর্থবছরের জন্য
৩ লাখ টন পেঁয়াজের বাফার স্টক তৈরি করেছে। এর সঙ্গে অতিরিক্ত ২ লাখ টন পেঁয়াজ সংগ্রহের
সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।
এনসিসিএফের ব্যবস্থাপনা পরিচালক অ্যানিস
জোসেফ চন্দ্র বলেন, শুরুতে আমরা দিল্লিতে বাফার স্টকের পেঁয়াজ খুচরা বিক্রি শুরু করব।
মোবাইল ভ্যান ও দুটি খুচরা আউটলেটের মাধ্যমে প্রতি কেজি ২৫ রুপি দামে বিক্রি করব।
আজ থেকে রাজধানীতে প্রায় ১০টি মোবাইল
ভ্যান পেঁয়াজ বিক্রি করবে। ধীরে ধীরে আরো এলাকা এর আওতায় আসবে। এনসিসিএফ জানায়, অনলাইনেও
ভর্তুকির পেঁয়াজ বিক্রির পরিকল্পনা করা হয়েছে।
দুর্মূল্যের বাজারে হস্তক্ষেপের জন্য
দিল্লি, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ ও আসামকে চিহ্নিত করেছে ভারত সরকার।
পাইকারি ও খুচরা উভয় বাজারেই মজুদ থেকে পেঁয়াজ সরবরাহ বাড়ানো হবে।
সরকারি তথ্য অনুসারে, সারা ভারতে গতকাল
পেঁয়াজের গড় খুচরা মূল্য ১৯ শতাংশ বেড়ে কেজি প্রতি ২৯ দশমিক ৭৩ রুপি হয়েছিল। যা
এক বছর আগে ২৫ রুপিতে সীমাবদ্ধ ছিল। আর দিল্লিতে পেঁয়াজের খুচরা দাম এক বছর আগে ২৮
রুপি ছিল, এখন ৩৭ রুপি।
গত মাস থেকে দিল্লি, উত্তরপ্রদেশ ও
রাজস্থানে ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি করছে এনসিসিএফ। খুচরা বাজারে কোথাও কোথাও ২৫০
রুপিতে পৌঁছালেও ভর্তুকি দিয়ে ৯০ রুপিতে বিক্রি করা হয়। এখন যেহেতু সরবরাহ বাড়ায় দাম
আরো কমিয়ে প্রতি কেজি ৪০ রুপি করা হয়েছে।










